আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়: ডা. জাহেদ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান নেতাকর্মীদের সবার সভা-সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশ করতে পারবেন। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনি এলাকায় সভা করার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারাধীন। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির ব্যানারে কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পারবেন না। এ বিষয়টি স্পষ্ট। তবে ব্যক্তিগতভাবে কারও সভা-সমাবেশ করার ক্ষেত্রে ফৌজদারি মামলার অবস্থা, কারাগারে থাকা কিংবা জামিনে থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগের কোনো ব্যক্তি যিনি আওয়ামী লীগ করেছেন, দলে ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন অথবা তিনি যদি জামিনে থাকেন, তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, তা কিন্তু নয়।

ওই সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ছিল বলে সাংবাদিকরা জানালে জাহেদ উর রহমান বলেন, এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় লন্ডন থেকে ওই সাবেক সংসদ সদস্যের দেশে আসা এবং তার বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কি না, এমন প্রশ্নও করা হয়।

জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মামলা থাকলে একটা মানুষের কিন্তু বিদেশে আসা-যাওয়ায় কোনো সমস্যা হয় না। তিনি ফেরারি কিনা, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা সেটাই মূল বিষয়। এগুলো খুঁটিয়ে দেখার ব্যাপার আছে।

/এফসি/