আগারগাঁওয়ে সচিবালয়, গাজীপুরে সরছে শেকৃবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগারগাঁওয়ে সচিবালয়, গাজীপুরে সরছে শেকৃবি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আগারগাঁওয়ে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিক সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এ লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের সালনায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলত ১৯৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নেওয়া পরিকল্পনা অনুসরণ করেই নতুন করে সচিবালয় স্থানান্তরের এ উদ্যোগ।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নির্মিত হবে নতুন সচিবালয় কমপ্লেক্স। এতে ১২ তলাবিশিষ্ট ১৪টি প্রশাসনিক ভবন এবং তিনটি ভূগর্ভস্থ বেজমেন্ট থাকবে। সব মিলিয়ে কমপ্লেক্সে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট অফিস স্পেস তৈরির পরিকল্পনা রয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির প্রাথমিক ব্যয় ৪ হাজার ২০০ কোটি টাকা প্রাক্কলন করা হলেও তা ৪ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। ২০২৯ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর আগে ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রকল্পের তিনটি স্থাপত্য নকশা উপস্থাপন করা হলে তিনি একটি নকশা নির্বাচন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তবে প্রকল্পের ব্যয়সহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত অনুমোদন এখনও বাকি।

পরিকল্পনা অনুযায়ী, নতুন কমপ্লেক্সে মোট ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি মসজিদ, দুটি ৩৫০ আসনবিশিষ্ট মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া ও ডাকঘর নির্মাণ করা হবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

সচিবালয় স্থানান্তরের পর বর্তমান আব্দুল গণি রোডের ভবনগুলোও নতুনভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সদরঘাটের জজ কোর্ট সেখানে স্থানান্তর করা হতে পারে। পাশাপাশি কয়েকটি কর অঞ্চল ও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরকে বর্তমান সচিবালয়ের ভবনগুলোতে স্থান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে, বর্তমান সচিবালয়ের ১ নম্বর ভবন ভেঙে ৬৪৯ কোটি টাকা ব্যয়ে ২১ তলা নতুন ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছিল। গত ২৬ এপ্রিল একনেক সভায় প্রস্তাবটি উত্থাপন করা হলেও আগারগাঁওয়ে পূর্ণাঙ্গ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বিবেচনায় তা বাতিল করা হয়। এরপরই নতুন স্থানে সচিবালয় নির্মাণের উদ্যোগ গতি পায়।

স্থাপত্য অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জায়গাটিকে অনুমতি ব্যাতিরেকে ধান গবেষণা মাঠ হিসেবে ব্যবহারের জন্য সাইনবোর্ড ও দড়ি দিয়ে দখল করেছে, যা অনৈতিক ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড। এছাড়া, কোনও প্রতিষ্ঠান বিনা অনুমতিতে এভাবে কোনো সরকারি জমি দখল করার এখতিয়ার রাখে না।

ঐতিহাসিকভাবে ১৯৬৫ সালে শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন নির্মাণের পরিকল্পনার সময় পুরোনো বাণিজ্য মেলা মাঠে তৎকালীন পূর্ব পাকিস্তান সচিবালয় নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছিল। তবে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সময় পর সেই পরিকল্পনা অনুসরণ করেই আবারও সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে আগারগাঁওয়ে সচিবালয় নির্মাণের স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক নগর পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান বলেন, আগারগাঁও ইতোমধ্যে ঘনবসতি ও যানজটে জর্জরিত। এর মধ্যে শহরের গুরুত্বপূর্ণ একটি উন্মুক্ত স্থানে বিশাল অবকাঠামো নির্মাণ পরিবেশ ও নগর পরিকল্পনার জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্য থাকলে আগারগাঁওয়ের পরিবর্তে পূর্বাচল নতুন শহর প্রকল্প সচিবালয়ের জন্য অধিকতর বাস্তবসম্মত স্থান হতে পারতো।

/এসবি/