শিরোনাম

ভূমধ্যসাগরে প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড

ভূমধ্যসাগরে প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড
বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। ছবি: সংগৃহীত

ইরানে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমরাস্ত্র বহর ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড মোতায়েন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র এমন প্রস্তুতি নিয়েছিল। এরপর আর এমন সমরাস্ত্রের বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি।

উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনাও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চললেও দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ট্রাম্প।

নির্ভরযোগ্য সমুদ্র ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই 'ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ' বা রণতরী বহরটিকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন।

মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখাচ্ছে যে, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত আর্লি বার্ক-ক্লাস ডেস্ট্রয়ার ‘ইউএসএস মাহান’ মরক্কো ও স্পেনের মধ্যকার পানিপথ জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।

ধারণা করা হচ্ছে, বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছাতে আরও কয়েক দিন সময় নেবে এবং ইরানের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত হবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

/জেএইচ/