ভিসার নিয়ম ভাঙলে ৩ কোটি টাকা জরিমানা, বিল উঠছে মার্কিন কংগ্রেসে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভিসার নিয়ম ভাঙলে ৩ কোটি টাকা জরিমানা, বিল উঠছে মার্কিন কংগ্রেসে
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নিয়োগের জন্য এইচ-১বি ভিসার ফরম

এইচ-১বি ভিসা কর্মসূচির নিয়ম লঙ্ঘন করলে মার্কিন নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জরিমানা ১০ গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এমনকি নিয়োগদাতাদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বিদেশি নিয়োগ থেকে নিষিদ্ধও করা হতে পারে।

নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উত্থাপিত নতুন একটি বিলে ইচ্ছাকৃতভাবে এইচ-১বি ভিসার নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোর জরিমানা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

গত ১ অক্টোবর টেক্সাসের রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ বেথ ভ্যান ডুইনে ‘এইচ-১বি ভিসা ফ্রড ক্র্যাকডাউন অ্যাক্ট’ নামের বিলটি উত্থাপন করেন।

প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় জরিমানাটি প্রযোজ্য হবে এমন গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে, যেখানে মার্কিন কর্মীদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার সঙ্গে বিষয়টি জড়িত। বর্তমানে এ ধরনের লঙ্ঘনের জন্য জরিমানা ৩৫ হাজার ডলার বা প্রায় ৪৩ লাখ ১২ হাজার টাকা। নতুন বিলে তা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ডলার করার প্রস্তাব করা হয়েছে।

এ ধরনের লঙ্ঘনের জন্য নিয়োগদাতাদের বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ন্যূনতম তিন বছরের নিষেধাজ্ঞা থাকলেও তা বাড়িয়ে ১০ বছর করার কথা বলা হয়েছে।

এ ছাড়া ইচ্ছাকৃতভাবে এইচ-১বি ভিসার আরও কিছু নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ৫ হাজার ডলার বা প্রায় ৬ লাখ ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এসব ক্ষেত্রে ন্যূনতম নিষেধাজ্ঞার মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করার কথা বলা হয়েছে।

বিলে নথিপত্র জালিয়াতির ক্ষেত্রেও জরিমানা ৪-৫ গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আরেক ধরনের নথিসংক্রান্ত লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বাড়িয়ে ১০ গুণ করার প্রস্তাব করা হয়েছে।

টেক্সাসের রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ বেথ ভ্যান ডুইনে বলেছেন, এইচ-১বি ভিসা কর্মসূচির অপব্যবহার ঠেকানোর জন্য বর্তমানে যে জরিমানা রয়েছে, তা যথেষ্ট নয়। কর্মসূচিটির ব্যাপক অপব্যবহার হয়েছে। কোনো কোম্পানি ইচ্ছাকৃতভাবে এইচ-১বি ভিসার নিয়ম ভঙ্গ করলে তাদের গুরুতর আর্থিক পরিণতির মুখোমুখি হওয়া উচিত।

বিলটির সহউদ্যোক্তা হিসেবে টেক্সাসের আরও পাঁচ রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ রয়েছেন। তারা হলেন ব্র্যান্ডন গিল, পিট সেশনস, কিথ সেলফ, ব্রায়ান বাবিন ও প্যাট ফ্যালন।

এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো বিশেষায়িত পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ দিতে পারে। তবে প্রস্তাবিত নতুন জরিমানা এইচ-১বি ভিসাধারী কর্মীদের জন্য নয়; বরং কর্মসূচির নিয়ম লঙ্ঘনকারী নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য।

এখন পর্যন্ত বিলটি শুধু প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়েছে। এটি প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। প্রস্তাবিত জরিমানাগুলো আইনে পরিণত করতে হলে বিলটিকে প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হতে হবে। এরপর প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।

/এফসি/