স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে ও এককভাবে অংশ নেবে এনসিপি। ১১ দলীয় জোট জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গঠিত জোট এবং বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে ভূমিকা পালন করছে। গণভোটের দাবি ও জাতীয় ইস্যুতে জোটগত কর্মসূচি থাকলেও এনসিপির নিজস্ব রাজনীতি, নীতি-আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আলাদা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় স্বার্থে এবং সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে আমরা ১১ দলীয় জোটের সঙ্গে আছি। তবে স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে অংশ নিয়ে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন গড়াই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হবে, এমনটা আমাদের কাছে মনে হচ্ছে না। এই কয়েক দিনে সরকারদলীয় অন্তঃকোন্দলে কয়েকশ মানুষ আহত ও নিহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে এবং ক্রমাগত হচ্ছে। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়।

এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। বাংলাদেশের মানুষ ও ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াই আদর্শিক। আওয়ামী লীগ পরাজিত হলেও ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় রয়েছে। তাদের বিরুদ্ধেও লড়াই অব্যাহত থাকবে।

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের আপত্তিকর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পুলিশ এ ধরনের কথা বলতে পারে না। নিজেদের দায় সাংবাদিকদের ওপর চাপানোর পরিবর্তে পুলিশের দায়িত্ব হলো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা। সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করেছেন। তাদের তথ্যে ভুল থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু পুলিশের প্রধান দায়িত্বশীল অবস্থানে থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন মন্তব্য করা উচিত নয়।

নাহিদ ইসলাম বলেন, পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের একটি অংশ মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ এই পৃষ্ঠপোষকতা দিয়েছে, এখন বিএনপি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই সিন্ডিকেট ভেঙে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে না পারলে মাদক নির্মূল সম্ভব নয়।

/এসবি/