পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন

উত্তর আমেরিকার দেশ পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বাড়িঘর ও বিভিন্ন ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৬টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পের পর এক ডজনেরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। এতে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) বিকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭.৮ মাইল গভীরে। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর একের পর এক মৃদু কম্পনে আতঙ্কিত হয়ে রাস্তায় জড়ো হয়েছেন বাসিন্দারা। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন বয়স্ক মানুষকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নাতুরগি জানিয়েছে, ভূমিকম্পের ফলে পানামার ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। আঞ্চলিক বিমান যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। শহরটির মেট্রো রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পে ভবনগুলোর সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগের মধ্যে বিভিন্ন অফিস থেকে কর্মীদের আগেভাগে ছুটি দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগেভাগে ছুটি দেওয়া হয়। পরে দেশজুড়ে ক্লাস স্থগিত করা হয়েছে।

ভূমিকম্পের কারণে পানামার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ১০ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইউএসজিএস।

পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্টর লুক জানান, আজুয়েরো-সোনা ফল্ট সিস্টেমের কারণে এ ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কম্পন পুরো ভূখণ্ডজুড়ে ছড়িয়ে পড়েছে।

লুক আরও জানান, রাজধানী পানামা সিটিতে তিনি প্রায় ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন। তবে দেশের অন্য কিছু এলাকায় কম্পনের স্থায়িত্ব আরও বেশি হয়ে থাকতে পারে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে হেরেরা প্রদেশের কম জনবসতিপূর্ণ লা পিতালোজা এলাকার কাছাকাছি। প্রতিবেশী দেশ কোস্টারিকার সান হোসে শহরেও কম্পন অনুভূত হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে উৎপত্তিস্থল ও রাজধানী পানামা সিটির মাঝামাঝি অবস্থিত পেনোনোমে শহরে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। এতে একটি গির্জা ও আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত এবং কিছু স্থাপনা ধসে পড়তে দেখা গেছে।

এদিকে, ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা দেওয়া হয়েছিল। তবে এখন আর সুনামির কোনো আশঙ্কা নেই।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, ভূমিকম্প মোকাবিলায় সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/