নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার আহ্বান বিরোধী নেতার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার আহ্বান বিরোধী নেতার
বেঞ্জামিন নেতানিয়াহু ও ইয়ার গোলান। কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। এখন পর্যন্ত পাওয়া আংশিক ফলাফল অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নি নেতানিয়াহুর জোট। এ পরিস্থিতিতে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বামপন্থী দলের নেতা ইয়ার গোলান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইয়ার গোলান বলেন, ইহুদি ভোট ও আরব ভোটের মধ্যে নেতানিয়াহুর বর্ণবাদী বিভাজন আমরা আর মেনে নিতে পারি না। আমাদের একটি দায়িত্ব আছে। ইসরায়েলের আরব নাগরিকদের (ফিলিস্তিনি ইসরায়েলিদের) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পরিবর্তনের একটি সরকার গঠনের সুযোগও আমাদের রয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য টেনে দৈনিক ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে- পার্লামেন্টের ৭৬ শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে, ১২০ আসনবিশিষ্ট নেসেটে নেতানিয়াহুর জোট পেতে পারে ৫৪টি আসন। অর্থাৎ, সরকার গঠনে দরকারি ৬১টি আসনের চেয়ে তারা সাতটি আসনে পিছিয়ে রয়েছে।

অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৭টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর মূলত আরব দলগুলোর ঝুলিতে যেতে পারে ১৯টি আসন। হিসাব বলছে, কোনো একক বা প্রধান জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তবে আইজেনকোটের বিরোধী জোট যদি আরব দলগুলোকে সঙ্গে নেয়, তবে তাদের সম্মিলিত আসন সংখ্যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সীমা পার করে যাবে।

তবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো শুধুই প্রাথমিক ও সম্ভাব্য হিসাব। ভোট গণনা এখনো পুরোপুরি শেষ না হওয়ায় চূড়ান্ত ফলাফলে আসন সংখ্যায় রদবদল হতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এমএকে/