৭৫ মিনিটে তিন ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭৫ মিনিটে তিন ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
প্রতীকী ছবি

মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিনবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া বারোটা থেকে রাত দেড়টার মধ্যে এই তিনটি ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) ।

ইএমএসসির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২ টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে উঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়। এদিকে, মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

সংস্থাটি জানিয়েছে, একই দিন রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

/এসবি/