শিরোনাম

নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় এ নির্দেশনা দেয়। পাশাপাশি আপাতত ইসরায়েলে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, যতদিন বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে, ততদিনের মধ্যেই ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করতে হবে। পরিস্থিতির অবনতি হলে বেসামরিক বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো স্পষ্ট সমাধান হয়নি। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান।

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতিও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন বলে জানা গেছে। আলোচনা ভেস্তে গেলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্ট মহলে রয়েছে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের আগেই সতর্ক করেন। দূতাবাসের স্টাফদের পাঠানো এক ইমেইলে তিনি বলেন, যে দেশের বিমানের টিকিট পাওয়া যায়, সেটিই কেটে দ্রুত ইসরায়েল ত্যাগ করতে হবে। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফেরার ব্যবস্থা করতে বলা হয়েছে।

এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বিরোধ আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করার পাশাপাশি প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিয়েছে। মার্কিন প্রশাসন বলছে, নতুন কোনো চুক্তি হলে তা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকতে হবে। তবে ইরান নির্দিষ্ট সময়ের জন্য কর্মসূচি স্থগিত রাখার প্রস্তাবে অনড় রয়েছে।

/এসএ/