শিরোনাম

‘পারমাণবিক অস্ত্র’ ব্যবহার করলে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘পারমাণবিক অস্ত্র’ ব্যবহার করলে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের
ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের সমস্ত সামরিক ঘাঁটি দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ সহযোগী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি এ বার্তা দিয়েছেন। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের ওপর পারমাণবিক বোমার ব্যবহার ওয়াশিংটনের জন্য হবে এক ঐতিহাসিক ও মারাত্মক ভুল।

সাক্ষাৎকারে রেজা নাকদি উল্লেখ করেন, আজকের বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগে পড়ে নেই। চারপাশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। ফলে যুক্তরাষ্ট্র কোনো অপরাধমূলক পদক্ষেপ নিলে পরদিনই বিশ্ববাসী তাদের সব সামরিক ঘাঁটির দখল নেবে। কারণ তা না হলে পরবর্তী শিকার হতে পারে যে কেউ। তবে এ ঘাঁটিগুলো ইরানি বাহিনী একাই দখল করবে, নাকি অন্য কোনো মিত্রশক্তির সহায়তা নেবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্বজুড়ে ইরানের ইসলামিক মূল্যবোধ ও বিপ্লবী আদর্শ ছড়িয়ে পড়ছে, তাই তাদের আলাদা করে কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর জুনে এক সমঝোতার মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু জুলাইয়ের শুরুর দিকে হরমুজ প্রণালির চুক্তি লঙ্ঘনের অজুহাতে যুক্তরাষ্ট্র পুনরায় বিমান হামলা শুরু করলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যবর্তী সংঘাত নতুন করে আরও তীব্র হয়ে ওঠে।

সূত্র: তাস

/এমএকে/