ভুল স্বীকার ও প্রতিশ্রুতি পূরণ না করলে সংকট কাটবে না: ইরান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভুল স্বীকার ও প্রতিশ্রুতি পূরণ না করলে সংকট কাটবে না: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

যুক্তরাষ্ট্র যদি নিজেদের ভুল স্বীকার করে আগের প্রতিশ্রুতিগুলো পূরণ না করে, তবে চলমান সংকটের কোনো সমাধান হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওয়াশিংটন ইরানের যৌক্তিক ও আইনসম্মত দাবিগুলো মেনে না নিলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আরাঘচি জানান, নিজেদের আত্মরক্ষার অধিকার বজায় রাখার পাশাপাশি আলোচনার দরজাও খোলা রাখতে প্রস্তুত রয়েছে তেহরান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধকে সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেন আরাঘচি। সংকট নিরসনে আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও বেশি আলোচনা এবং মধ্যস্থতাকারীদের তৎপরতা অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি। তার আশা, যুক্তিনির্ভর প্রক্রিয়ার মধ্য দিয়েই এ অবরোধ তুলে নেওয়া হবে।

মূলত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই হরমুজ প্রণালি বন্ধ করে তেহরান। পরবর্তীতে জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে ৬০ দিনের জন্য প্রণালিটি খুলে দিতে রাজি হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটন সেই সমঝোতা লঙ্ঘন করেছে- এমন অভিযোগ তুলে পুনরায় প্রণালিটি বন্ধ করে দেয় ইরান। তেহরান জানিয়েছে, আঞ্চলিক নৌ চলাচলে মার্কিন হস্তক্ষেপ বন্ধসহ তাদের দেওয়া শর্তগুলো পূরণ হলেই কেবল জলপথটি উন্মুক্ত করা হবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/