শিরোনাম

পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের দুই শতাধিক হতাহত: ইরানি মুখপাত্র

সিটিজেন ডেস্ক
পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের দুই শতাধিক হতাহত: ইরানি মুখপাত্র
খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি। ছবি: সংগৃহীত

ইরানি সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছেন ইরানি সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান পরিচালনাকারী সমন্বিত কমান্ড খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি।

শনিবার (৮ মার্চ) ইরানের পাল্টা হামলায় মার্কিন বাহিনী ও তাদের সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন তিনি।

ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম ওই মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরানের শক্তিশালী পাল্টা হামলায় মার্কিন বাহিনীর বহু সেনা ও কমান্ডার হতাহত হয়েছে।

মুখপাত্র উল্লেখ করেন, ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের অধীনে চালানো এসব হামলায় এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই মুখপাত্রের দাবি অনুযায়ী, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে চালানো হামলায় ২১ আমেরিকান সেনা নিহত ও আরও অনেকে আহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আল ধাফরা বিমান ঘাঁটিতে চালানো হামলায় প্রায় ২০০ মার্কিন সেনা হয় নিহত অথবা আহত হয়েছে। আর পারস্য উপসাগরের উত্তরাংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে।

/এমআর/