ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

সিটিজেন জার্নাল
সিটিজেন জার্নাল
ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে উত্তাল সমুদ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। এক সপ্তাহের মধ্যে এটি ওই অঞ্চলে আঘাত হানা দ্বিতীয় ঝড়।

সোমবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে এটি স্থলভাগ অতিক্রম শুরু করে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। এর প্রভাবে টানা ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইছে। এর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির একাধিক স্থানে প্রবল বর্ষণ শুরু হয়েছে।

রাত ১টা ৩০ মিনিটের বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছিল। নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে এটি উপকূল অতিক্রম করতে পারে। সকাল পর্যন্ত উপকূলে ও উপকূলের কাছাকাছি এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বহাল থাকার সম্ভাবনা রয়েছে।

আইএমডি জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা জুড়ে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

কর্তৃপক্ষ সোমবার থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া শুরু করেছে। অন্ধ্র প্রদেশে প্রায় ৩০,০০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া বুধবার সকাল পর্যন্ত জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে ১ থেকে ১.৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এতে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় সবচেয়ে বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

সূত্র: এনডিটিভি, রয়টার্স

/জেএইচ/