ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না
গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার জার্সি গায়ে গ্লেন ম্যাক্সওয়েলকে আর দেখা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। এছাড়া প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। তবে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। তাদের সঙ্গে চুক্তি ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত।

গত বছর জুনে ওয়ানডে থেকে অবসর নেন ঝোড়ো ব্যাটসম্যান হিসেবে পরিচিত ম্যাক্সওয়েল। কেবল আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছিলেন। এই বছর বিশ্বকাপেও খেলেছেন তিনি। তবে তার দল গ্রুপ পর্বের বাধা পার হতে পারে পারেনি। ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। এটিই দেশের হয়ে ম্যাক্সওয়েলের শেষ ম্যাচ। ওই ম্যাচে বল হাতে দুটি উইকেট তুলে নেন তিনি। তবে ব্যাট করতে পারেননি।

অবসর নিয় ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের মধ্যে বহুবার আলোচনা হয়েছিল। সেগুলো বেশ খোলামেলা ছিল। দলের (অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট) কাছ থেকে কোনো চাপ ছিল না। আমরা দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সামনে কয়েকটি সিরিজ ছিল, তারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছিল। আমরা বাংলাদেশে সেটা দেখলাম। ছেলেরা সুযোগ পেয়ে সত্যিই ভালো পারফর্ম করছিল।’

অস্ট্রেলিয়ার জার্সিতে ম্যাক্সওয়েল সাফল্যের ছাপ রেখে গেছেন। দেশের হয়ে এই অলরাউন্ডার ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। আর ২০২১ সালে জেতেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিদায়বেলায় একটি আক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। ম্যাক্সওয়েল বলেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) একটা বিদায়ী ম্যাচ খেলার আশা বা আলোচনা ছিল। তবে এই দলটা যে পথ ধরে এগোচ্ছে, তা আমি বুঝতে পারছি।’

ম্যাক্সওয়েল বলেন, ‘সামনে অলিম্পিক (২০২৮ সালে) আছে, সে কারণে আমি মনে করি আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে অনেক পরিবর্তন আসবে। তাই নতুন কিছু তরুণ খেলোয়াড়কে দলে ভিড়িয়ে তাদের ওপর নজর রাখা এবং আন্তর্জাতিক ম্যাচের চাপের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া দলের জন্য জরুরি। এটা সব সময় বিগ ব্যাশ লিগের (বিবিএল) ম্যাচ থেকে পাওয়া যায় না।’

ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে মোট ১৩০ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৫৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ২৮৯৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে এ সংস্করণে ম্যাক্সওয়েল তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বোলিয়য়েও রয়েছে তার অবদান। স্পিন বোলিংয়ে তিনি ৫১টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ৫টি সেঞ্চুরি রয়েছে। এটি রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ড। ৭টি টেস্ট ম্যাচে ৩৩৯ রান করার পথে একটি সেঞ্চুরিও আছে। ১৪৯ ওয়ানডেতে ৩৩.৮১ গড়ে ৪ সেঞ্চুরিসহ ৩৯৯০ রান করেন ম্যাক্সওয়েল।

/জেএইচ/