গাজীপুরে ভাড়া বাসা থেকে ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে ভাড়া বাসা থেকে ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার
শাহীন হোসেন

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার একটি বাড়ির চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শাহীন হোসেন (৩২)। তিনি উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজাবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহীন ৫ মাস আগে বাড়ি থেকে চলে যান। এরপর তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিলো না। সোমবার দুপুরে তার বন্ধু আলমগীর হোসেনের কল পেয়ে পরিবার শাহিনের মৃত্যুর খবর জানতে পারেন। খবর পেয়ে তারা ওই বাসায় গিয়ে তালাবদ্ধ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায়। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরের খাট থেকে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের দাবি, শাহীনের গলায় আঘাতের চিহ্ন ছিল। শক্ত জিআই তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, যে রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর তালা দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীন এক তরুণীর সঙ্গে ওই বাসায় থাকতেন শাহীন। ঘটনার পর তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/জেএইচ/