শিরোনাম

যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক
যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানে চলমান সংঘাত নিরসনে তেহরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটিতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে একটি নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে।

সূত্রগুলো জানায়, এই প্রক্রিয়ায় সৈয়দ আসিম মুনির গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। উভয় পক্ষ সম্মত হলে সরাসরি আলোচনার আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তেহরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণাও দেন।

তবে ইরান সরাসরি এই দাবি অস্বীকার করেছে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ‘বন্ধুত্বপূর্ণ দেশগুলোর’ মাধ্যমে বার্তা পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা জবাবের মধ্যে সংঘাত এখন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে।

বিমান হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি ব্যবহারে বহু প্রাণহানি ঘটেছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজার ও বিমান চলাচলেও, সৃষ্টি হয়েছে অস্থিরতা।

বিশ্লেষকদের মতে, ১৫ দফার এই প্রস্তাব সংঘাত নিরসনে একটি সম্ভাব্য কূটনৈতিক পথ তৈরি করলেও এর বাস্তবায়ন নির্ভর করছে ইরানের সম্মতি, ইসরায়েলের অবস্থান এবং বর্তমান সামরিক পরিস্থিতির ওপর। ফলে যুদ্ধ চলাকালেই কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও, চূড়ান্ত সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/জেএইচ/