শিরোনাম

হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলার অনুমতি দেবে ইরান

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলার অনুমতি দেবে ইরান
হরমুজ প্রণালিতে জাহাজ। ছবি: রয়টার্স

ইরান জানিয়েছে, ‘অ-শত্রুভাবাপন্ন’ জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান এ বিষয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (আইএমও) একটি নোট পাঠিয়েছে।

রবিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর পর মঙ্গলবার আইএমওর ১৭৬টি সদস্য দেশের কাছেও এই বার্তা পাঠানো হয়। এতে বলা হয়, যেসব জাহাজ ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেবে না বা সমর্থন করবে না এবং ঘোষিত নিরাপত্তা বিধি মেনে চলবে, তাদের হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে।

এদিকে শেল কোম্পানির প্রধান সতর্ক করেছেন, খুব শিগগিরই, সম্ভবত আগামী মাসেই ইউরোপ জ্বালানি সংকটে পড়তে পারে।

অন্যদিকে, খার্গ দ্বীপে সম্ভাব্য স্থল অভিযান চালাতে যুক্তরাষ্ট্র প্যারাট্রুপার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে মঙ্গলবার জানা গেছে। তবে এসবের মাঝেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে শান্তি আলোচনা চলছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে তাদের পারমাণবিক কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/