শিরোনাম

হাসিনার সব অপকর্মের লাইসেন্স এসেছে ওয়ান-ইলেভেন থেকে: ফারুকী

নিজস্ব প্রতিবেদক
হাসিনার সব অপকর্মের লাইসেন্স এসেছে ওয়ান-ইলেভেন থেকে: ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

ওয়ান-ইলেভেন সরকারকে ‘সব সর্বনাশের গোড়া’ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স সেখান থেকে এসেছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ওয়ান-ইলেভেনের সরকারের সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনাকে বর্তমান সরকারের ‘ভালো সূচনা’ও বলেছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফারুকী লিখেছেন, ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার বর্তমান সরকারের একটা ভালো সূচনা। এবার তদন্ত শুরু করা হোক ওয়ান-ইলেভেনের আদ‍্যোপান্ত নিয়ে। এমনকী ২০০৮-এর নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত।

তিনি লিখেছেন, ওয়ান-ইলেভেন হচ্ছে সব সর্বনাশের গোড়া। এই যে শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতা-কর্মীদের উপর নির্যাতন, বিডিআর ম‍্যসাকার, শাপলা ম‍্যাসাকার, নির্বাচন ব্যবস্থা ভ‍্যানিশ করে দেয়া, জুলাই হত‍্যকাণ্ডসহ হাসিনার সব অপকর্মের লাইসেন্স এসেছে ওয়ান ইলেভেন থেকে।

সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা মনে করেন, ট্রমা-আক্রান্ত জাতির সামনে এগোনো এবং হিলিংয়ের জন‍্য দুইটা জিনিস দরকার– বিচার এবং স্মৃতি সংরক্ষণ। স্মৃতি সংরক্ষণ বলতে তিনি বুঝিয়েছেন ইতিহাস সংরক্ষণ। সেটা মিউজিয়াম, ডকুমেন্টেশন, রিপোর্ট নানাভাবেই হতে পারে।

ফারুকী আরও বলেন, বিচার এবং স্মৃতি সংরক্ষণের কাজ ঘটে যাওয়া মাত্র ঐ অধ‍্যায় নিয়ে পড়ে না থেকে সামনের দিকে এগোনোর সুযোগ তৈরি হয়। কিন্তু এই দুই কাজ অসমাপ্ত রেখে যদি ‘চলো সব ভুলে যাই’ বলে সামনে এগোই, তাহলে দুইটা বিপদ– এক. অপরাধীদের অথবা নতুন অপরাধীদের উৎসাহ দেওয়া হয়। তারা তখন পরবর্তী অপকর্ম থেকে জাস্ট একটা সুযোগ দূরে সর্বদা দণ্ডায়মান থাকে। দুই. বিচার এবং স্মৃতি সংরক্ষণ ছাড়া সামনে এগোলে ক্ষোভ থেকে যায় মানুষের যৌথ স্মৃতিতে। হিলিংয়ের জন‍্য এটা আদর্শ অবস্থা নয়।

/এফসি/