হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের দেওয়া শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে মাত্র ৫ দিনের সময় বেঁধে দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই এই তথ্য জানিয়েছেন। জাতিসংঘের বৈঠকের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই শর্তগুলো আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রেজাই জানান, যুক্তরাষ্ট্র যদি নির্ধারিত সময়ের মধ্যে শর্তগুলো মেনে না নেয়, তবে কৌশলগত হরমুজ প্রণালি বন্ধই রাখা হবে। এমনকি শর্ত পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে বড় পরিসরে কোনো আলোচনায় বসার প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, ইরান আগের কোনো কূটনৈতিক ধারা কিংবা ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তাবলীতে আর ফিরে যাবে না। নিজের এ অনড় অবস্থানের কথা জানিয়ে রেজাই বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ গ্রহণ করেছি, তা পূর্ণ শক্তিতে সামনে এগিয়ে যাবে।’ তার মতে, সম্পর্ক স্বাভাবিক করতে হলে ওয়াশিংটনকে সবার আগে ইরানি জনগণের আস্থা অর্জন করতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর জন্যও কঠোর বার্তা দিয়েছেন এ ইরানি কর্মকর্তা। ইরানের ফ্লাইট চলাচলে বাধা সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহযোগিতা না করার জন্য তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, কোনো প্রতিবেশী দেশ যদি ইরানি বিমান চলাচলে বাধা দেয়, তবে তেহরানও নিশ্চিত করবে যেন ওই দেশগুলোর বিমানবন্দরগুলোই পুরোপুরি অচল হয়ে যায়।

সূত্র: সামা টিভি

/এমএকে/