শিরোনাম

ইরানের হামলার তীব্র নিন্দা কুয়েতের

সিটিজেন ডেস্ক
ইরানের হামলার তীব্র নিন্দা কুয়েতের
কুয়েতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা।

নিজস্ব ভূখণ্ডে ইরানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। একই সঙ্গে একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে দেশটি। সোমবার (১ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই আগ্রাসন কুয়েতের বেসামরিক নিরাপত্তা, সামগ্রিক স্থিতিশীলতা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য সরাসরি হুমকি ও মারাত্মক অবমাননাকর।

মন্ত্রণালয় জানিয়েছে, বারবার এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের চলমান প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং আঞ্চলিক নিরাপত্তাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলছে। কুয়েত জানিয়েছে, নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে এবং এই হামলার জন্য ইরানকেই সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।

এর আগে সোমবার ভোরে কুয়েতজুড়ে বিমান হামলার সাইরেন ও জরুরি সতর্কতা জারির পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয় বলে জানায় কুয়েতের সশস্ত্র বাহিনী। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে তেহরান অঞ্চলটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে উপর্যুপরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী চুক্তি বাস্তবায়নে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয়। বর্তমানে সংঘাতের অবসান ঘটিয়ে সরাসরি আলোচনায় ফেরার লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের কাছে বিভিন্ন প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় অব্যাহত রেখেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/