শিরোনাম

মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

সিটিজেন ডেস্ক
মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্র-ইরানের পতাকা ও সামরিক সরঞ্জাম।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানোর জন্য ব্যবহৃত ওই বিমানঘাঁটিতে হামলা চালানো হয়।

ইরানের মেহর নিউজ এজেন্সির বরাতে সোমবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী ওই ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করেছে। তাদের দাবি, সেখান থেকেই মার্কিন বাহিনী যোগাযোগ অবকাঠামোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল।

আইআরজিসি আরও জানায়, কথিত মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা হামলা চালানো হয় এবং পূর্বনির্ধারিত সব লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত করা হয়েছে।

তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা হলে তার জবাব ‘পরিসর ও প্রকৃতিতে ভিন্ন’ হবে। পাশাপাশি উত্তেজনা বৃদ্ধি পেলে তার দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলেও উল্লেখ করা হয়।

ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, সিরিক দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত।

সূত্র: আনাদোলু এজেন্সি

/জেএইচ/