শিরোনাম

ভূমিকম্পে কাঁপলো ইরান

সিটিজেন ডেস্ক
ভূমিকম্পে কাঁপলো ইরান
ভূমিকম্প। ছবি: সংগৃহীত

সম্প্রতি এশিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার দক্ষিণ ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আজ ভোরে সারগাজের নিকটবর্তী হরমোজগান ও কেরমান প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে সোমবার (৮ জুন) সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে বহু ঘরবাড়ি ও বহুতল ভবন ধসে পড়েছে। সেইসঙ্গে বিস্তীর্ণ এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক ভূমিধস। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং প্রায় ২৪ জন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ‌ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ইতোমধ্যে অন্তত ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ভয়াবহ ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। এর ফলে জাপান ও ফিলিপাইনের উপকূলীয় এলাকাগুলোতে বিভিন্ন উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় সারঙ্গানি প্রদেশে। সেখানে ভূমিধসে চাপা পড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিখ্যাত বক্সার ম্যানি প্যাকিয়াওয়ের হোমটাউন জেনারেল সান্তোস শহরে ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

এর আগে রবিবার (৭ জুন) দিবাগত রাত ১১টা ৩৭ মিনিটে ভুটানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এদিন কয়েক মিনিটের ব্যবধানে দেশটিতে পরপর ৩ বার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমলজির (এনসিএস) দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১১টা ৩৭ মিনিটে ভুটানের রাজধানী থিম্পুর উত্তর পূর্বে ২৪ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন, বিভিন্ন দেশে সুনামি সতর্কতাশক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন, বিভিন্ন দেশে সুনামি সতর্কতা

এর ১১ মিনিট পর রাত ১১টা ৪৮ মিনিটে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল ২ দশমিক ৮।

দ্বিতীয় ভূমিকম্পের ৩৪ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৪।

ভূমিকম্পে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এছাড়া রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমলজিকাল সেন্টার বলছে, ভুটানের ভূমিকম্পের ব্যপ্তি ছিল দেশের মধ্যাঞ্চলীয় এলাকা দিয়ে কক্সবাজার পর্যন্ত।

এর প্রভাব ভারত, নেপাল ও চীনের কিছু অংশে ছড়িয়ে পড়েছে এবং সমগ্র হিমালয় অঞ্চলে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি, দ্য সানডে গার্ডিয়ান

/জেএইচ/