মধ্যরাতে বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪২ মিনিটের দিকে হলের একটি কক্ষের জানালার পাশে ককটেল বিস্ফোরিত হয়। এতে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব।

তিনি জানান, আহসানউল্লাহ হলের ১৩৭ নং কক্ষের জানালার পাশেই ককটেলটি বিস্ফোরিত হয়। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া তার বিছানায় গিয়ে পড়ে। তবে ঘটনার সময় তিনি বন্ধুর ১৩৪ নং কক্ষে অবস্থান করায় রক্ষা পান।

আকিব আরও জানান, ঘটনাস্থলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকে। তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

/এফআর/