নিজস্ব প্রযুক্তির এআই তৈরি ইরানি গবেষকের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি ইরানি গবেষকের
প্রতীকী ছবি

ফোনে কথা বলার সময় ফারসি ভাষা নির্ভুলভাবে শনাক্ত করে তা লেখায় রূপান্তর করার নতুন এক দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উদ্ভাবন করেছে ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টেলিজেন্ট সিস্টেমস অনুষদের শিক্ষক হাদি ভাইসি এ প্রযুক্তিটি তৈরি করেছেন। তুলনামূলক পরীক্ষায় দেখা গেছে, ফোনের কথোপকথন বোঝার ক্ষেত্রে ইরানের নিজস্ব সিস্টেমটি গুগলের স্পিচ রিকগনিশনসহ বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পরিষেবাগুলোকেও পেছনে ফেলেছে।

মূলত টেলিফোন নেটওয়ার্কে কথা বলার সময় ফারসি ভাষা শনাক্ত করতে যেসব কারিগরি সমস্যা হয়, সেগুলো সমাধানের লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে। নিজের এ উদ্ভাবন সম্পর্কে হাদি ভাইসি জানান, ইরান জুড়ে থাকা কন্টাক্ট সেন্টারগুলো থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার আসল টেলিফোন কথোপকথন ব্যবহার করে এ প্রযুক্তিটি তৈরি করা হয়েছে।

ইরানের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক টান, উপভাষা এবং উচ্চারণভঙ্গির নমুনা দিয়ে সিস্টেমটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সংগৃহীত এসব তথ্যের ওপর নির্ভর করার কারণে প্রযুক্তিটি ইরানের মানুষের কথা বলার স্বাভাবিক ধরন এবং ফোনের বাস্তব পরিস্থিতির সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারছে। এ প্রসঙ্গে ভাইসি বলেন, এ স্থানীয় তথ্য ইরানের বিভিন্ন অঞ্চলে ফারসি ভাষা আসলে কীভাবে বলা হয় তা বুঝতে সিস্টেমটিকে একটি উল্লেখযোগ্য সুবিধা দেয়।

বর্তমানে ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের স্মার্টফোন-ভিত্তিক ভার্চুয়াল সহকারী এবং গ্রাহক সেবা কার্যক্রমে প্রযুক্তিটি ব্যবহার করছে। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব এআই কাঠামোকে শক্তিশালী করতে এটি বড় ভূমিকা রাখছে। স্থানীয় ভাষা ও প্রেক্ষাপটের উপযোগী করে তৈরি হওয়ায় উদ্ভাবনটি আগামীতে ফারসি ভাষায় নতুন নতুন স্মার্ট পরিষেবা তৈরির পথ আরও সহজ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/