স্মার্ট চশমা ও এআই ব্যবহার করে শীর্ষ পরীক্ষায় প্রথম দক্ষিণ কোরিয়ার পরীক্ষার্থী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
স্মার্ট চশমা ও এআই ব্যবহার করে শীর্ষ পরীক্ষায় প্রথম দক্ষিণ কোরিয়ার পরীক্ষার্থী
প্রথম স্থান অধিকারী হান ওন-সেওক

দক্ষিণ কোরিয়ার সার্টিফাইড ট্যাক্স অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী হান ওন-সেওক ক্ষুদ্রাকৃতির ক্যামেরা, মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেছেন। রবিবার (১৫ নভেম্বর) নিজের আইনজীবী লি ডন-হো-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সী এ প্রার্থী নিজের অপরাধের কথা জানান। তিনি সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির কাছেও লিখিতভাবে জালিয়াতির পুরো প্রক্রিয়াটি তুলে ধরেছেন।

প্রথম রাউন্ডের পরীক্ষায় ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করে ৪০০ নম্বরের ভেতর ৩৯৭.৫ পাওয়ায় হানকে ঘিরে শুরু থেকেই সন্দেহ দানা বাঁধছিল। অনলাইনে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে প্রথমে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তবে পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থীর মানসিক অবস্থার কথা ভেবে পরে তিনি সত্য প্রকাশের সিদ্ধান্ত নেন বলে জানান। ভিডিও বার্তায় হান বলেন, আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে ট্যাক্স অ্যাকাউন্ট পরীক্ষার প্রথম ও দ্বিতীয় উভয় রাউন্ডেই নকল করেছি। একটি মাইক্রোক্যামেরায় প্রশ্নপত্রের ছবি তুলে এআই-এর কাছে পাঠিয়েছিলেন এবং স্মার্টফোনে পাওয়া উত্তর দেখে খাতায় লিখেছিলেন বলেও জানান তিনি। মূলত ভালো একটি চাকরি ও অর্থ উপার্জনের মাধ্যমে বাবা-মাকে আবার গর্বিত করতেই তিনি এ পথ বেছে নিয়েছিলেন। সৎভাবে উত্তীর্ণ অন্য প্রার্থীদের কাছে ক্ষমা চেয়ে হান বলেন, মনে হচ্ছে আমার কারণে অন্য সফল প্রার্থীদের সন্দেহ করা হচ্ছে।

এ স্বীকারোক্তির পরপরই নড়েচড়ে বসেছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন। দেশটির কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এবং মানবসম্পদ উন্নয়ন পরিষেবা এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতির নীতি নির্ধারক হা জুন-কিউং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, জালিয়াতি রুখতে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অতীতের অপরাধগুলো একেবারে শেষ পর্যন্ত খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এআই ব্যবহার করে পরীক্ষায় প্রতারণার প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রার্থীর যোগ্যতা বাতিলের পাশাপাশি তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হবে। অন্যদিকে, সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি কোরিয়ান সংবাদ সংস্থা ইয়োনহাপকে জানিয়েছে, তারা মামলাটি তদন্তকারীদের কাছে হস্তান্তর করেছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় প্রতারণার বিষয়ে রবিবার সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে আমরা একটি লিখিত স্বীকারোক্তি পেয়েছি।

দক্ষিণ কোরিয়ায় কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে জাতীয় পরীক্ষাগুলোর গুরুত্ব অপরিসীম হওয়ায় সেখানে নকলের প্রবণতা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির অপব্যবহার উদ্বেগ বাড়িয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ে এআই চশমা ব্যবহার করে নকলের চারটি ঘটনা ধরা পড়েছে। এছাড়া গত মাসেই সিউলের দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই চশমা নিয়ে নকল করতে গিয়ে ধরা পড়েন দুই শিক্ষার্থী। বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষার মাত্র কয়েক দিন আগে এ কেলেঙ্কারি প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: বিবিসি

/এমএকে/