শিরোনাম

সিলেট বিভাগে ফি‌লিং স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

সিলেট সংবাবদাতা
সিলেট বিভাগে ফি‌লিং স্টেশনের ধর্মঘট প্রত্যাহার
ফিলিং স্টেশন। ছবি: সংবাদদাতা

সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টায় জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়ের প্রতিবাদসহ বিভিন্ন হয়রানির অভিযোগে বুধবার রাত ১০টা থেকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট আহ্বান করা হয়। পরে ভোর রাত ৩টার দিকে পেট্রোল পাম্প মালিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আদনান ধর্মটে স্থগিতের ঘোষণা দেন। কিন্তু তা শোনেননি অন্য পাম্প মালিকরা। এতে রাত থেকে বন্ধ ছিল সিলেটের সব পাম্পে তেল ও গ্যাস বিক্রি।

সমস্যা সমাধানে দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের পুলিশ সুপার যাবের সাদেক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা। বৈঠকে অংশ নেন পেট্রোল পাম্প মালিক সংগঠনগুলোর শীর্ষ নেতারাও।

পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদ বলেন, বৈঠকে ফলপ্রসূ আলাপ হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ কর্মকর্তারা অভিযান পরিচালনায় থাকবেন। কোনো হয়রানিমূলক ঘটনা যেন না ঘটে, সেই বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

/এসআর/