শিরোনাম

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট

নিজস্ব প্রতিবেদক
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট
ছবি: সিটিজেন জার্নাল

দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে, বুধবার (১ এপ্রিল) দেশের শিশুদের জন্য জরুরি ভিত্তিতে হামের টিকা সরবরাহ নিশ্চিত করতে সরকারকে ২৪ ঘণ্টার আইনি নোটিশ পাঠানো হয়।

মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান। এতে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

নোটিশে বলা হয়, দেশে হামের টিকার সংকটের কারণে বিভিন্ন এলাকায় শিশুরা আক্রান্ত হচ্ছে। অনেক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

নোটিশের সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ শীর্ষক প্রতিবেদন সংযুক্ত করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।

/এসএ/