শিরোনাম

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও ঘাঁটি কমানোর পরিকল্পনা পেন্টাগনের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও ঘাঁটি কমানোর পরিকল্পনা পেন্টাগনের
মার্কিন সেনাবহর

ইরানের সঙ্গে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে নতুন পরিকল্পনা করছে পেন্টাগন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরে ইরানের একের পর এক হামলার মুখে মধ্যপ্রাচ্য অঞ্চলের ঘাঁটিগুলো থেকে সৈন্য সংখ্যা কমিয়ে আনার কথা ভাবছে মার্কিন প্রশাসন।

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনাগুলো ওয়াশিংটনের সামরিক কৌশল পুনর্নির্ধারণের সুযোগ করে দিয়েছে বলে মনে করছেন পেন্টাগনের কর্মকর্তারা।

এ নীতিগত পর্যালোচনার নেতৃত্ব দিচ্ছে পেন্টাগনের নীতি নির্ধারক দপ্তর। পাশাপাশি মার্কিন জয়েন্ট স্টাফ ও মধ্যপ্রাচ্যের সামরিক দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ দেননি। পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা এ প্রক্রিয়াকে বিচক্ষণ পরিকল্পনা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নির্ধারণে এটি বেশ সহায়ক হবে।

জর্ডান থেকে ওমান পর্যন্ত বিস্তৃত প্রায় ২০টি কৌশলগত পয়েন্টে সেন্ট্রাল কমান্ডের অধীনে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকে। তবে চলতি বছরের শুরু থেকেই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বাড়াতে ওয়াশিংটন অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। একই সময়ে তারা ইরানের বিরুদ্ধে ১৩ হাজারেরও বেশি হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/