সৌদির নিরাপত্তায় সেনা পাঠানোর অনুমোদন মিসরীয় সংসদের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
সৌদির নিরাপত্তায় সেনা পাঠানোর অনুমোদন মিসরীয় সংসদের
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মিসরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি

সৌদি আরবের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় দেশটির পাশে থাকতে এবং সামরিক সহায়তা দিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মিসরের সংসদ। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের খবরের ভিত্তিতে এ পদক্ষেপের বিষয়টি সামনে আসে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ওপর হামলা বাড়ানোর কারণে কায়রো এ সিদ্ধান্তের দিকে হাঁটে।

হুথিদের টানা অগ্রযাত্রায় লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিও এখন হুমকির মুখে পড়েছে। এ পথটি মিসরের সুয়েজ খালের অন্যতম প্রধান প্রবেশদ্বার হওয়ায় কায়রোর উদ্বেগ আরও বেড়েছে। গত সপ্তাহে রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি সংসদে অনুরোধ জানান, রিয়াদ সহায়তা চাইলে যেন বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক ও উপসাগরীয় মিত্র দেশটিকে রক্ষায় সেনা পাঠানোর অনুমোদন দেওয়া হয়।

সিসি সরকারের জন্য সৌদি আরব একটি বড় রাজনৈতিক ও আর্থিক ভরসার নাম। বছরের পর বছর ধরে রিয়াদ শত শত কোটি ডলারের আর্থিক সাহায্য, কেন্দ্রীয় ব্যাংকে আমানত ও জ্বালানি সরবরাহ দিয়ে মিসরের পাশে থেকেছে।

সম্প্রতি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীদের লড়াই নতুন করে শুরু হয়েছে। এ সংঘাত ইরান ও মার্কিন-ইসরায়েল উত্তেজনার মাঝে পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। হুথিরা সরাসরি রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও তেল সংস্থা আরামকোকে লক্ষ্য করে হামলা চালানোয় বিমান চলাচল ও জ্বালানি রপ্তানিতে ব্যাঘাত ঘটছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/