শিরোনাম

ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
তেলের মূল্য বৃদ্ধি। ছবি: সংগৃহীত

ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১.৬ শতাংশ বেড়ে ১১০.৮৫ ডলারে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রে তেলের দাম ০.৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ১১২.৪০ ডলারে। রবিবার (৫ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, মঙ্গলবারের (৭ এপ্রিল) মধ্যে জলপথটি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকেই তেহরান প্রতিশোধ হিসেবে এ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরির হুমকি দিয়ে আসছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহনের এই পথটি রুদ্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি তীব্র মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে।

ট্রাম্প গত সপ্তাহে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়ার পর থেকেই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে অবস্থান করছে। এর মধ্যেই রবিবার তেহরান কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় একাধিক হামলার কথা স্বীকার করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোমবার সতর্ক করে জানিয়েছে, তাদের দেশের বেসামরিক অবকাঠামোতে হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করবে। পরিস্থিতির মোকাবিলায় সৌদি আরব ও রাশিয়ার নেতৃত্বাধীন ওপেকপ্লাস জোট মে মাসে উৎপাদন সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নিলেও চলমান সংঘাতের কারণে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিবিসি।

সূত্র: বিবিসি

/এমএকে/