শিরোনাম

১ লাখ টাকা করে বেতন সাফজয়ী ফুটবলারদের

নিজস্ব প্রতিবেদক
১ লাখ টাকা করে বেতন সাফজয়ী ফুটবলারদের
ছবি : সংগৃহীত

ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের যুব ফুটবল দল অনূর্ধ্ব-২০। সাফ জয়ী ফুটবলারদের জন্য চমক এসেছে।

সোমবার (৬ এপ্রিল) যুব ফুটবল দলের প্রত্যেককে মাসে ১ লাখ টাকা করে বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এর আগে, শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার পর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সাফজয়ী দলের আগমন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেখানে জড়ো হওয়া ফুটবলপ্রেমীরা উচ্ছ্বাসে ভাসিয়ে দেন তাদের প্রিয় দলকে। উপস্থাপকের আহ্বানে একে একে মঞ্চে ওঠেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। অনুষ্ঠানে তাদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়া হয়।

বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী চ্যাম্পিয়ন দলের প্রতিটি ফুটবলারকে ১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। আজ রাতের মধ্যেই পুরস্কারের অর্থ তাদের হাতে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

এদিকে, বাফুফের ঘোষণার পরই প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)প্রশাসক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আর্থিক প্রণোদনার কথা উল্লেখ করলেও নির্দিষ্ট অঙ্ক জানাননি।

তিনি জানিয়েছেন, জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের বিস্তারিত ঘোষণা করা হবে এবং ফুটবলারদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে।

/এসবি/