শিরোনাম

গাজা পুনর্গঠনে ‘গোপন’ অনুমোদন নেতানিয়াহুর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গাজা পুনর্গঠনে ‘গোপন’ অনুমোদন নেতানিয়াহুর
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আব্দুল্লাহ আযযাম মসজিদের ধ্বংসযজ্ঞের দৃশ্য ও বেঞ্জামিন নেতানিয়াহু (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দক্ষিণ গাজার পূর্ব রাফায় একটি নতুন ফিলিস্তিনি আবাসন প্রকল্প গড়ে তুলতে অবকাঠামোগত কাজের জন্য গোপনে অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এলাকাটি মূলত ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। দেশটির আর্মি রেডিও জানিয়েছে, কোনো ধরনের প্রকাশ্য ঘোষণা ছাড়াই গ্রিন রাফা বা সবুজ রাফা নামের এই সামরিক নিয়ন্ত্রিত এলাকায় পানি, বিদ্যুৎ ও পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে জমি খননের নীতিগত অনুমতি দেওয়া হয়েছে।

প্রস্তাবিত এলাকাটি মূলত হলুদ রেখা সংলগ্ন ইসরায়েল-অধিকৃত সীমানার ভেতরে অবস্থিত, যা বর্তমানে সম্পূর্ণ খালি ও সমতল করে রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, হামাসের প্রভাবমুক্ত এ আবাসিক অঞ্চলটি একটি বহুজাতিক বাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত হবে। প্রাথমিক তথ্যে বলা হয়, গাজার স্থানীয় ফিলিস্তিনি ঠিকাদার ও শ্রমিকরা এই কাজের দায়িত্বে থাকবেন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত- এর নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যেই তাদের কাজ শুরু করার কথা রয়েছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর প্রতিবেদনটিকে তথ্য বিকৃতি বলে দাবি করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এটি আসলে সংযুক্ত আরব আমিরাতের একটি পুরোনো ও পরীক্ষামূলক উদ্যোগ, যা বেশ কয়েক মাস ধরেই চলছে। এছাড়া অবকাঠামোগত কাজগুলো ফিলিস্তিনি ঠিকাদারদের দিয়ে করানো হবে না, বরং সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ধ্বংসাত্মক সামরিক অভিযানে ইতিমধ্যে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু। পাশাপাশি পুরো উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন এক মানবিক সংকটের প্রেক্ষাপটে সেনা-নিয়ন্ত্রিত রাফায় নতুন এই আবাসন উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/