সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি

হোদাইদাহ বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করলে জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলের অন্য সব সৌদি বন্দরে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (২৫ নভেম্বর) গোষ্ঠীটির পক্ষ থেকে এ কঠোর বার্তা দেওয়া হয়। এই পাল্টাপাল্টি হুমকির জেরে দুই পক্ষের মধ্যকার পুরনো সংঘাত নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সৌদি কর্তৃপক্ষ দাবি করে রিয়াদের সর্বোচ্চ টাওয়ারে হুথিদের ছোড়া একটি ড্রোন আঘাত হানে। ওই হামলায় অন্তত ১১ জন আহত হন। এর পরপরই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করে। এর প্রেক্ষিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতি বলেন, সৌদি আরব যদি ইয়েমেনের হোদাইদাহ বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তবে দেশটির জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলের অন্য সব বন্দরে হামলা চালানো হবে। বিবৃতিতে বন্দরের কর্মচারী ও শ্রমিকদের পাশাপাশি আশেপাশের লোকজনকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

হুথিদের এ হুঁশিয়ারির পর বসে থাকেনি সৌদি জোটও। বুধবার জোটের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তারা হোদাইদাহতে নিজেদের অভিযানিক সক্ষমতা বাড়িয়েছে এবং ইয়েমেনের সা'দা ও আমরান প্রদেশে হুথিদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদাইদাহ বন্দরটি ইয়েমেনের সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মূলত এই বন্দর দিয়েই প্রবেশ করে। আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশটির লাখ লাখ মানুষের জন্য এটি দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও বাণিজ্যিক আমদানির প্রধান প্রবেশদ্বার বা জীবনরেখা হিসেবে কাজ করছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/