জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম
জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব আলম

জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) জনতা ব্যাংক পিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাহবুব আলম। সাউথইস্ট ব্যাংকে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মো. মাহবুব আলম ১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।

১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন মো. মাহবুব আলম। ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কর্পোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পরে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তার দূরদর্শী নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি বর্তমান সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন ব্যাংকটির গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

/এসবি/