শিরোনাম

হরমুজ সুরক্ষার মিশনে এবার জার্মানি

সিটিজেন ডেস্ক
হরমুজ সুরক্ষার মিশনে এবার জার্মানি
হরমুজ প্রণালিতে জাহাজ।

হরমুজ প্রণালি সুরক্ষিত করার মিশনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল সাংবাদিকদের বলেন, জার্মানি যুক্তরাজ্য-নেতৃত্বাধীন একটি মিশনের অধীনে হরমুজ প্রণালি সুরক্ষিত করার কাজে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তিনি এটিকে ন্যাটো মিশন হিসেবে দেখছেন না বলে জানিয়েছেন।

জার্মান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয় নিয়েও কথা বলেছেন ওয়েডফুল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে সৈন্য প্রত্যাহার করবে তা সবসময়ই স্পষ্ট ছিল।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র জানায়, তারা আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে জার্মানি থেকে প্রায় ৫,০০০ সৈন্য প্রত্যাহার করে নেবে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পোল্যান্ডে অতিরিক্ত ৫,০০০ মার্কিন সৈন্য মোতায়েনের ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মূল পরিকল্পনায় অটল থাকার আহ্বান জানান।

এর আগে ইউরোপীয় দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মিশনের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে দুটি মাইন অপসারণকারী জাহাজ পাঠায় ইতালি।

বুধবার (২০ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসকে অন্তর্ভুক্ত করে গঠিত একটি বিশেষ জোটের অংশ হিসেবে ইতালির সিসিলি দ্বীপ থেকে দুটি মাইনসুইপার জাহাজ ইতোমধ্যে রওনা হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/