শিরোনাম

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে বাহরাইনকে চরম মূল্য দিতে হবে: ইরান

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে বাহরাইনকে চরম মূল্য দিতে হবে: ইরান
ইরানের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মোত্তাকি। ছবি: সংগৃহীত

ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে বাহরাইন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশটিকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে ইরান। ইরানের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মোত্তাকি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাহরাইনের ওপর এতো ভয়াবহ হামলা চালানো হবে যে তারা নিজেদের দেশের নাম পর্যন্ত ভুলে যাবে। বৃহস্পতিবার (১৪ মে) তেহরানে এক বক্তব্যে তিনি বাহরাইনের বর্তমান কর্মকাণ্ডকে আঞ্চলিক উত্তেজনার মূল কারণ হিসেবে অভিহিত করেন।

মোত্তাকি অভিযোগ করেন, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যৌথ হামলার পর বাহরাইন যুদ্ধ পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পর বাহরাইন কোনো সহানুভূতি না দেখিয়ে বরং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ইরানের বিরুদ্ধে তোলা একটি রেজ্যুলেশনে সমর্থন জানিয়েছে। এছাড়া গত মাসে ইস্তাম্বুলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নেও বাহরাইন ইরানের বিরুদ্ধে একটি বিল পাস করানোর চেষ্টা করেছে বলে দাবি করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তবে অন্যান্য দেশের সহায়তা ও সরাসরি কূটনৈতিক তৎপরতায় ইরান সেই চেষ্টা নস্যাৎ করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বাহরাইনে বর্তমানে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। এর আগে গত ফেব্রুয়ারিতে যখন ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়, তখন বাহরাইনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছিল তেহরান। সে সময় দেশটির বিভিন্ন হোটেলেও আঘাত হানা হয়েছিল। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে সাধারণ হোটেলগুলোতে আশ্রয় নেওয়ায় তারা সেসব স্থানে হামলা চালিয়েছে। বাহরাইন যদি পুনরায় ওয়াশিংটনকে সামরিক সুবিধা প্রদান করে, তবে এবারের প্রতিক্রিয়ার মাত্রা আগের চেয়ে বহুগুণ ভয়াবহ হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

/এমএকে/