মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন

হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দিয়ে ধ্বংস করেছে বলে দাবি আইআরজিসির।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতির বরাতে ইরানি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত একটি নতুন, অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে হরমুজ প্রণালির উপরে ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সামরিক বাহিনীর’ ড্রোনটিকে শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে এই বাধা দেওয়া ও ধ্বংস করার ঘটনাটি ঘটেছে।

মার্কিন কংগ্রেসের গবেষণা পরিষেবার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফ্রেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের হারানো ও ক্ষতিগ্রস্ত আকাশযান ও ড্রোনের সংখ্যা অন্তত ৮১টি। এসবের আর্থিক মূল্য প্রায় ৩৩০ কোটি ডলার। বিমানগুলোর মধ্যে এফ-৩৫এ লাইটনিং টু স্টেলথ ফাইটার, এফ-১৫ জঙ্গিবিমান এবং এমকিউ-৯ রিপারের মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ছিল।

প্রতিবেদনে আরও জানানো হয়, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৪৫টি এমকিউ-৯ রিপার মাল্টিরোল ড্রোন হারিয়েছে। এই এমকিউ-৯ রিপারের প্রতিটির মূল্য ৩ থেকে ৫ কোটি ডলার।

এখন আইআরজিসির আরেকটি ড্রোন ধ্বংসের দাবি সত্য হলে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হারানো এমকিউ-৯ রিপার মাল্টিরোল ড্রোনের সংখ্যা ৪৬টি হবে।

/এফসি/