শিরোনাম

স্থায়ী যুদ্ধবিরতি চায় তেহরান

সিটিজেন ডেস্ক
স্থায়ী যুদ্ধবিরতি চায় তেহরান
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরান কোনো স্বল্পমেয়াদি বা অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়, বরং পুরো অঞ্চলে চলমান সব সংঘাতের একটি স্থায়ী ও সর্বাত্মক সমাপ্তি চায়।

শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতি তখনই গ্রহণযোগ্য হবে, যখন তা আঞ্চলিকভাবে সব সংঘাতকে অন্তর্ভুক্ত করবে।

তার ভাষায়, ‘লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত’ বিস্তৃত সব উত্তেজনাপূর্ণ এলাকায় একযোগে শান্তি প্রতিষ্ঠা না হলে তা ইরানের জন্য গ্রহণযোগ্য নয়। তিনি এটিকে তেহরানের জন্য একটি ‘রেড লাইন’ হিসেবেও উল্লেখ করেন।

খাতিবজাদেহ জোর দিয়ে বলেন, ‘আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেব না।’ তিনি মনে করেন, বর্তমান সংঘাত পরিস্থিতি বারবার ঘুরে ফিরে আসছে, যা কেবল সাময়িক সমাধানে থামানো সম্ভব নয়। তাই এই সহিংসতার চক্র একবারে ও চিরতরে বন্ধ হওয়াই হওয়া উচিত।

এদিকে হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এই প্রণালি ঐতিহাসিকভাবেই আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। যদিও এটি ইরানের ভৌগোলিক সীমানার মধ্যে পড়ে, তবুও দীর্ঘদিন ধরে এখানে নির্বিঘ্নে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

অঞ্চলের অস্থিতিশীলতার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বলেন, তাদের সামরিক ও রাজনৈতিক পদক্ষেপ কেবল আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

/এমআর/