শিরোনাম

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সিটিজেন ডেস্ক
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে উদ্ধারকর্মীরা। ছবি: আনাদোলু এজেন্সি

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় এক বিমান পরিষেবাদাতা সংস্থার মালিকানাধীন এই হেলিকপ্টারটি ছিল একটি এয়ারবাস এইচ-১৩০ এয়ারক্রাফট।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখার উদ্ধারাকরী বাহিনীর প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফি জানিয়েছেন, বৃহস্পতিবার মেলাউইর একটি পাম-বাগান থেকে উড্ডয়নের ৫ মিনিট পরেই হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি খাড়া পাহাড়ি এবং ঘন জঙ্গলে আবৃত একটি অঞ্চল।

দুর্গম পথ এবং ঘন বনাঞ্চলের জন্য দুর্ঘটনাস্থলে যেতে উদ্ধারকারী বাহিনীর বেশ বেগ পেতে হয়েছে। সায়াফি জানান, বিমানটিতে ২ জন ক্রু এবং ৬ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাত্রীদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক ছিলেন।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশ আলাদা হয় কয়েক কিলোমিটার দূরে পড়েছিল। ধারণা করা হচ্ছে, লেজের অংশটি হেলিকপ্টারের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে কী কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেটির উত্তর মেলেনি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এপি, গালফ নিউজ

/জেএইচ/