শিরোনাম

ধর্মের নামে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কিছু স্বৈরশাসক: পোপ

সিটিজেন ডেস্ক
ধর্মের নামে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কিছু স্বৈরশাসক: পোপ
চতুর্দশ পোপ লিও। ছবি: রয়টার্স

আবারও যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন চতুর্দশ পোপ লিও। যুদ্ধের পেছনে কোটি কোটি ডলার খরচ করা বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেছেন তিনি।

পোপ লিও বলেন, বর্তমানে ‘মুষ্টিমেয় কিছু স্বৈরশাসক বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।’ নেতারা এসব ধ্বংসযজ্ঞ চালাতে এবং ফায়দা লুটতে ধর্মের নাম ব্যবহার করছে বলেও জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে আক্রমণ করার কয়েক দিন পরই তিনি এই জোরালো মন্তব্য করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আফ্রিকার দেশ ক্যামেরুন সফরে পোপ এসব কথা বলেন।

যুদ্ধ জায়েজ করতে ধর্মীয় বয়ান ব্যবহারকারী নেতাদের কড়া সমালোচনা করেছেন পোপ। ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের বৃহত্তম শহর বামেন্ডায় এক সভায় তিনি ‘জীবন চলার পথ আমূল পরিবর্তনের’ আহ্বান জানান। ওই অঞ্চলে প্রায় এক দশক ধরে চলা এক রক্তক্ষয়ী সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

পোপ লিও বলেন, ‘যুদ্ধের হোতারা এমন ভাব করেন যেন তারা জানেনই না যে, ধ্বংস করতে মাত্র এক মুহূর্ত লাগে, অথচ পুনর্গঠনের জন্য অনেক সময় পুরো এক জীবনও যথেষ্ট নয়।’

‘তারা এই সত্য দেখেও না দেখার ভান করেন। হত্যা আর ধ্বংসলীলায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। অথচ চিকিৎসা, শিক্ষা আর সংস্কারের জন্য প্রয়োজনীয় সম্পদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ধিক্কার জানাই তাদের, যারা নিজেদের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ফায়দা লুটতে ধর্ম এবং খোদ ঈশ্বরের নাম ব্যবহার করে পবিত্রতাকে অন্ধকার ও আবর্জনার স্তরে নামিয়ে আনে। এটি এক উল্টে যাওয়া পৃথিবী। ঈশ্বরের সৃষ্টির এমন অপব্যবহার অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে।’

এর আগে ইরান যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বার্তা দেন পোপ লিও। তবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোপ লিওকে ‘অপরাধের বিষয়ে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ’ বলে আক্রমণ শুরু করেন। এছাড়াও সম্প্রতি নিজেকে যিশুর মতো উপস্থাপন করে একটি এআই ছবি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ জানান, তিনি ইরান যুদ্ধ নিয়ে কথা বলা বন্ধ করবেন না। তবে ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের কোনো সরাসরি জবাব দেননি তিনি।

সূত্র: রয়টার্স

/জেএইচ/