ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করলো ইরান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফরাসি ভাষা কেন্দ্র বন্ধ করলো ইরান
ইরানে অবস্থিত একটি ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই তেহরানে অবস্থিত ফরাসি দূতাবাসের একটি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করেছে ইরান। তেহরান প্রসিকিউটর অফিসের একটি বিচারিক আদেশের ভিত্তিতে রবিবার (২০ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভাষা শিক্ষার আড়ালে কেন্দ্রটিতে নিয়মিতভাবে বিভিন্ন অবৈধ কার্যকলাপ ও কূটনৈতিক রীতিনীতি পরিপন্থী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। ইরানের প্রচলিত আইন ও বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স নেওয়ার তাগিদ দিয়ে কর্তৃপক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তারা সেই নির্দেশ উপেক্ষা করে বছরের পর বছর ধরে কার্যক্রম চালিয়ে গেছে।

ইরানি কর্তৃপক্ষের মতে, কেন্দ্রটি ভাষা শিক্ষার নাম ব্যবহার করে মূলত ইরান ও ইসলামি সংস্কৃতির পরিপন্থী এবং দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছিল। পাশাপাশি, দেশের মেধাবী তরুণদের শনাক্ত করা, তাদের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করা এবং তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সহায়তা দেওয়ার মতো সন্দেহজনক তৎপরতাও চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। তবে ইরানের এ কঠোর পদক্ষেপে ফরাসি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগেও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা গিয়েছিল। গত মাসেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে ফরাসি কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল তেহরান। সেই ঘটনার জেরে ফরাসি সরকারও তাদের দেশ থেকে বেশ কয়েকজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/