যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ নিয়ে চুক্তির খবর ‘মিথ্যা ও কল্পনাপ্রসূত’: ইরানি সূত্র

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ নিয়ে চুক্তির খবর ‘মিথ্যা ও কল্পনাপ্রসূত’: ইরানি সূত্র
হরমুজ প্রণালি

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে- সৌদি মালিকানাধীন আল আরাবিয়ার এমন একটি খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র। তাসনিম নিউজ এজেন্সিকে সূত্রটি জানিয়েছে, এ দাবি সম্পূর্ণ ‘মিথ্যাচার ও কল্পনাপ্রসূত’। হরমুজ প্রণালি খুলে দেওয়ার সঙ্গে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি যুক্ত করে এমন কোনো শর্ত ইরান কোনোভাবেই মেনে নেবে না।

সূত্রটি জানায়, ইরান সম্পর্কে সৌদি গণমাধ্যমের দাবিটি মনগড়া। সূত্রটি আরও জানায়, ইরান নিজস্ব পদ্ধতিতে মার্কিন অবরোধ এড়িয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এটি পুরোপুরি ভেঙে দিতে সক্ষম হবে।

সূত্রটি তাসনিমনিউজকে জানিয়েছে, ইরানের সমস্ত ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে মার্কিনদের চাপিয়ে দেওয়া নিরাপত্তাহীনতা দূর হবে না। ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যে অবস্থান জানিয়েছে, তার বাইরে কোনো জল্পনা-কল্পনা গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে সূত্রটি।

ইরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন কোনো প্রস্তাব জমা দেয়নি উল্লেখ করে সূত্রটি জানিয়েছে, ইরানের ৭ দফা পরিকল্পনা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এ পরিকল্পনাটিই তেহরানের চূড়ান্ত অবস্থান হিসেবে বহাল রয়েছে। আঞ্চলিক পরিস্থিতিতে মার্কিন ভূমিকা তুলে ধরে সূত্রটি জানায়, সারা বিশ্ব খুব ভালো করেই জানে যে হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতার কারণ হলো যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/