বিএনপি সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না: আখতার হোসেন
‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি' উপলক্ষে আলোচনা সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিএনপি আসলে সংস্কারের কোনো এজেন্ডাকেই বাস্তবায়ন করতে চায় না। যদি তা-ই চাইতো, তাহলে পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কোনো আপত্তি থাকার কথা ছিল না। সুপ্রিম কোর্ট ও সচিবালয়ের ব্যাপারে বিএনপির কোনো ‘নোট অব ডিসেন্ট’ ছিল না, তাহলে বাদ দেওয়া হলো কেন। সংসদের স্থায়ী কমিটিগুলোতে আনুপাতিক হারে বিরোধী দলের পক্ষ থেকে সভাপতিত্ব করার কথা ছিল। সেগুলো কেন দেওয়া হলো না।

রবিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি' উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সামগ্রিকভাবে বিএনপি সরকার এখন পিছটান দেওয়ার পথে আছে। এখন তারা পেছনের দিকে ফিরে যাওয়ার বাহানা খুঁজছে। সামগ্রিকভাবে পুরো বিষয়টা হচ্ছে, সংস্কার যেন বাস্তবায়ন করা না হয়, তারই একটা প্রক্রিয়া মাত্র।

তিনি বলেন, আমরা সরকারের কাছে আহবান জানাতে চাই, যেদিন জুলাই সনদ আদেশ জারি করা হয়, সেদিন আপনারাই তো এটিতে আপত্তি না জানিয়ে সাধুবাদ জানিয়েছিলেন। এখন এসে কেন আপনারা পিছটান দিতে চান। এ ধরনের কোনো আচরণ আপনারা করবেন না।

আখতার হোসেন আরও বলেন, আমাদের একটাই দাবি– একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে, গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করার মধ্য দিয়ে এই সংকটের সুরাহা করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট দেওয়ার পরেও, বিএনপি সরকার সংস্কারের প্রস্তাবনাগুলো মানতে চায় না। তারা এটিকে অস্বীকার করতে চায়। তারা একটা কথা বারবার বলে যে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু খোদ জুলাই সনদের যে বিষয়গুলোতে বিএনপি সরকারের কোনো 'নোট অব ডিসেন্ট' ছিল না, দল হিসেবে যে বিষয়গুলোর প্রতি বিএনপি একমত ছিল, সেগুলো তারা এখন আর পালন করছে না।

আলোচনা সভায় এসময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/এফসি/