পাকিস্তান, ইরাক ও তুরস্ক সীমান্ত বন্ধ, স্থল বাণিজ্যেও বিপর্যয়ের মুখে ইরান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান, ইরাক ও তুরস্ক সীমান্ত বন্ধ, স্থল বাণিজ্যেও বিপর্যয়ের মুখে ইরান
পাকিস্তান-ইরান সীমান্তে জালগাই ক্রসিং

মার্কিন নৌ-অবরোধ এবং বিমান সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের অধিকাংশ নৌ ও আকাশপথ আগেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবার তিন প্রধান প্রতিবেশী পাকিস্তান, ইরাক ও তুরস্ক সীমান্ত ক্রসিং বন্ধ এবং ট্রানজিট বিধিনিষেধ আরোপ করায় ইরানের স্থল বাণিজ্যও চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

জল, স্থল ও আকাশপথে এই ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক চাপও বাড়িয়েছেন। এর লক্ষ্য তেহরানকে তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে ছাড় দিতে বাধ্য করা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, ইরাক ও তুরস্ক সীমান্ত ক্রসিংগুলো বন্ধ ও ট্রানজিট বিধিনিষেধ আরোপ করায় ইরানের স্থল বাণিজ্য পথগুলো চরম অস্থিতিশীলতা ও বাধার মুখে পড়েছে। এই পরিস্থিতি দেশটির বৈদেশিক বাণিজ্যকে আরও সংকুচিত করার হুমকি তৈরি করেছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী অন্য ৪ দেশ তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া ও আফগানিস্তানের সঙ্গে খোলা থাকা ইরানের অবশিষ্ট স্থল সীমান্তে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নানামুখী জটিলতা রয়েছে। তা সামুদ্রিক বাণিজ্য বন্ধের ক্ষতি পুরোপুরি পুষিয়ে দিতে পারবে না। এছাড়া যুদ্ধের কারণে আর্থিক সক্ষমতায় চাপ তৈরি হওয়ায় দেশটির স্থলপথে বাণিজ্য ভিন্নমুখী বা পুনর্বিন্যাস করার ক্ষমতাও সীমিত হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় সামুদ্রিক বাণিজ্য পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় ইরানের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ লেনদেন বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই পাকিস্তান তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘গাবদ-রিমদান’ এবং ‘তাফতান’ সীমান্ত ক্রসিংয়ে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এ দুটি সীমান্ত দিয়ে বর্তমানে কেবল ইরানি গ্যাসের ট্যাংকার এবং পচনশীল ফল ও সবজির চালান যাওয়ার অনুমতি দেওয়া।

পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, সীমান্ত পেরিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসেবে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদ এসব বিধিনিষেধ আরোপ করেছে।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সরাসরি নির্দেশে ‘চাজাবেহ’ ও ‘আল-শাইবের’ সংযোগকারী একটি প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। ইরাকি কর্তৃপক্ষ বলছে, মাদকের চালান এবং জাল মুদ্রা পাচারকারী নেটওয়ার্ক ধ্বংস করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের সঙ্গে সচল থাকা সীমান্ত ক্রসিংগুলোর সংখ্যা আরও কমানোর জন্য মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরাক সরকারের ওপর জোর চাপ সৃষ্টি করেছে।

তুরস্ক-ইরান সীমান্তে বাজারগান ক্রসিং
তুরস্ক-ইরান সীমান্তে বাজারগান ক্রসিং

ইরান ও তুরস্ক সীমান্তের বাজারগান ক্রসিংয়েও তেহরানকে বাধার মুখোমুখি হতে হচ্ছে। বাজারগান ক্রসিংকে বলা হয় ইরানকে ইউরোপের সঙ্গে যুক্ত করার প্রধান স্থল করিডোর।

তুরস্ক সম্প্রতি বাজারগান ক্রসিংয়ে ইরানি ট্রাক প্রবেশের ওপর বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে। এই সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার যানবাহন চলাচলের সক্ষমতা থাকলেও প্রতিদিন মাত্র ২০০ থেকে ৩০০টি ট্রাক ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

তিন সীমান্তে এমন বিধিনিষেধ পণ্য পরিবহনে বিকল্প পথ খোঁজা ইরানি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জকে বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী রেজাই স্বীকার করেছেন, এ ধরনের অবরুদ্ধ অবস্থা দেশের অর্থনীতি, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতি ডেকে আনবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই অর্থনৈতিক চাপ তেহরানকে মার্কিন দাবি মেনে নিতে বাধ্য করতে পারবে না।

/এফসি/