বিক্ষোভের জেরে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিক্ষোভের জেরে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম
ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

জীবনযাত্রার খরচ আকাশচুম্বী আর সরকারি সেবার মান তলানিতে ঠেকায় ফুঁসে উঠেছে ফ্রান্স। রাজপথে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে এখন চরম উত্তেজনা বিরাজ করছে প্যারিসে। গত কয়েক বছরের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতি দেখেনি প্যারিসবাসী। নিরাপত্তা জোরদার করতে বাধ্য হয়েই বিখ্যাত ল্যুভর মিউজিয়ামসহ শহরের প্রধান প্রধান প্রদর্শনী কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে ‘মোনালিসা’ দেখার দীর্ঘদিনের স্বপ্ন অপূর্ণ রেখেই বিষণ্ন মনে ফিরে যেতে হচ্ছে বিশ্বজুড়ে আসা পর্যটকদের।

গত সপ্তাহে শুরু হওয়া এ আন্দোলন থেকেই মূলত সহিংসতার সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোতে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ল্যুভর মিউজিয়ামের মূল ফটকে এসে থমকে যান অসংখ্য দেশি-বিদেশি পর্যটক। শুধু ল্যুভরই নয়, বন্ধ করে দেওয়া হয়েছে মুসে দোরসে, পিকাসো মিউজিয়াম এবং ঐতিহাসিক প্যারিস অপেরা হাউসের মতো নামকরা স্থানগুলোও। বর্তমানে ল্যুভরের পুরো চত্বর ও আইকনিক কাঁচের পিরামিড এলাকা সশস্ত্র পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ইতালি থেকে ৪ দিনের সফরে আসা পর্যটক সেলেনা বার্তোনি আক্ষেপ করে বলেন, আমরা ভেবেছিলাম ছোটখাটো কোনো ঝামেলা হতে পারে, কিন্তু এভাবে মিউজিয়াম বন্ধ হয়ে যাবে তা একদম ভাবিনি। পূর্ব কোনো ঘোষণা বা সংকেত ছাড়াই গুরুত্বপূর্ণ এসব স্থান বন্ধ থাকায় তার মতো হতাশা প্রকাশ করেছেন অনেকেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে সর্বসাধারণের প্রবেশাধিকার বন্ধ থাকবে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/