প্রবাসীদের জন্য বড় সুখবর সৌদি আরবের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রবাসীদের জন্য বড় সুখবর সৌদি আরবের
সৌদি আরবের পতাকা

সৌদি আরবে কর্মরত কিংবা যেতে ইচ্ছুক দক্ষ প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্ত কাজের ভিসা হাতে পাওয়ার আগেই প্রবাসী কর্মীরা তাদের পরিবারের সদস্যদের সৌদি আরবে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতে পারবেন। এ সুবিধার আওতায় প্রবাসীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েদের নিজেদের কাছে নিয়ে আসার সুযোগ পাবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

মূলত প্রবাসীদের জীবনযাত্রার মান আরও সহজ করা এবং দক্ষ বিদেশি পেশাজীবীদের সৌদি আরবে আসতে উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে ভিসা প্রক্রিয়ার এ আধুনিকায়ন করলো দেশটি।

নতুন নিয়ম চালুর ফলে বিদেশি কর্মীদের আর নিজের কাজের ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়া পর্যন্ত লম্বা সময় অপেক্ষা করতে হবে না। প্রবাসীর কাজের ভিসার আবেদন প্রক্রিয়া চলাকালেই পরিবারের যোগ্য সদস্যদের জন্য প্রবেশ ভিসার (এন্ট্রি ভিসা) আবেদন করা যাবে। তবে এর জন্য আবেদনের নির্ধারিত সব আইনি শর্ত পূরণ করতে হবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীর পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি মেনে তাদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট প্রদানের কাজ সম্পন্ন করা হবে।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/