সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যাবে না: ইরানি নিরাপত্তা প্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যাবে না: ইরানি নিরাপত্তা প্রধান
ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই

ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই জানিয়েছেন, তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে পাঠানো হবে না। একই সঙ্গে তিনি বলেন, ওয়াশিংটন যদি আবারও কোনো ধরণের আগ্রাসন বা হামলা চালানোর দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।

বুধবার (১১ নভেম্বর) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়েদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন যে কোনো হামলার জবাব দেওয়া হবে তাদের দূরবর্তী কোনো ঘাঁটিকে টার্গেট করে। রেজাই আরও উল্লেখ করেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা বা সংলাপে বসার সম্ভাবনা নেই।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ইরানের হাতে বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে। সাধারণ বেসামরিক কাজের জন্য যে মাত্রায় ইউরেনিয়াম দরকার হয়, এটি তার চেয়ে অনেক বেশি। ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যৌথভাবে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ওই হামলায় তাদের ইউরেনিয়ামের কী পরিমাণ ক্ষতি হয়েছে বা আদৌ কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা অভিযোগ করে আসছে, পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। যদিও তেহরান শুরু থেকেই এ দাবি অস্বীকার করে বলছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। গত বছরের হামলার ধারাবাহিকতায় চলতি বছরও ইরানে একটানা ৪০ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান চলে।

এদিকে ওয়াশিংটন শর্ত দিয়েছে, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি বা আলোচনা হতে হলে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি আলোচনার টেবিলে আনতে হবে। মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছিলেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতা হলে তার অন্যতম প্রধান শর্ত হবে দেশটি থেকে সমস্ত সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বাইরে পাঠিয়ে দেওয়া। কিন্তু তেহরান জানিয়েছে, তাদের পরমাণু উদ্যোগ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস করার প্রশ্নই ওঠে না।

সূত্র: আল মায়েদিন

/এমএকে/