শিরোনাম

হরমুজ প্রণালি খুললে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ প্রণালি খুললে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালি

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে বড় প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাত ও আল-আরাবিয়া।

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরকালে ওয়াশিংটনের এই বিশেষ বার্তাটি ইরানি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। পূর্বে দুই দেশের মধ্যে আলোচিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতেই মূলত প্রস্তাবটি তৈরি করা হয়েছে।

সফরকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাইসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সংঘাতের বিস্তার রোধ ও প্রণালিটি দ্রুত খুলে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। এ নিয়ে ইসলামাবাদ জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং তারা কোনো পক্ষ না নিয়ে কেবল নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

তেহরানের পক্ষ থেকেও এ আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শর্ত দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং তেহরানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অন্যদিকে মহসিন রেজাই জানান, প্রস্তাবটি নিয়ে ইরান আলোচনা অব্যাহত রেখেছে এবং দ্রুতই আনুষ্ঠানিক জবাব দেবে।

কয়েক মাস ধরে চলা সংকটে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ও কঠোর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেওয়ার পরদিনই এ খবর সামনে এলো। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

/এমএকে/