যেভাবে পেঁয়াজের সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ

যেভাবে পেঁয়াজের সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ
পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ

একসময় পেঁয়াজের বাজার মানেই ছিল অস্থিরতা, আমদানিনির্ভরতা আর প্রতিবেশী দেশের রপ্তানি বন্ধের খবরে দামের ঊর্ধ্বগতি। কিন্তু সেই চিরচেনা দৃশ্যপট বদলে গেছে। স্থানীয় উদ্ভাবকদের তৈরি স্বল্পমূল্যের ‘এয়ার-ফ্লো মেশিন’ এবং উন্নত কৃষি ব্যবস্থাপনার সমন্বয়ে এখন পেঁয়াজের সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দেশে প্রায় ৫০ লাখ ৯০ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। দেশের বার্ষিক চাহিদা ৩৬ লাখ টন মেটানোর পরও প্রায় ১৪ লাখ ৯০ হাজার টন পেঁয়াজ উদ্বৃত্ত রয়েছে। যা বর্তমান চাহিদার তুলনায় ৪১.৩৯ শতাংশ বেশি। পর্যাপ্ত দেশীয় মজুদ থাকায় ২০২৫ সালের ডিসেম্বর থেকে টানা ১১ মাস পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ রাখা সম্ভব হয়েছে, যার ফলে সাশ্রয় হয়েছে প্রায় ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ৪,৭৬৪ কোটি টাকা) বৈদেশিক মুদ্রা।

সংকট থেকে উত্তরণের নেপথ্যে ‘এয়ার-ফ্লো’ বিপ্লব

আগে দেশে উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশই সঠিক সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যেত। ফলে ভরা মৌসুম শেষ হতেই বাজারে ঘাটতি দেখা দিত এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হতো। এই সংকট দূর করতে বড় ভূমিকা রেখেছে দেশীয় প্রযুক্তির ‘এয়ার-ফ্লো মেশিন’। কোল্ড স্টোরেজ পদ্ধতির চাইতে কম খরচ ও সহজ পদ্ধতির কারণে এয়ার-ফ্লো মেশিন এখন কৃষকদের কাছে জনপ্রিয়। তাছাড়া সরকারের পক্ষ হতেও কৃষকদের এই মেশিন ও আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

২০২২ সালের মাঝামাঝি সময়ে ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় উদ্ভাবনী উদ্যোগে প্রথম এই প্রযুক্তির সুফল পাওয়া যায়। পরবর্তীতে ২০২৩ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ পাবনার সুজানগর উপজেলায় পরীক্ষামূলকভাবে এই সংরক্ষণাগার গড়ে তোলে। প্রাথমিক সাফল্যের পর ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (বিসিসিটিএফ) অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প’ হাতে নেয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ১৬টি পেঁয়াজ উৎপাদনকারী জেলার ১০৭টি উপজেলায় সরকারিভাবে ইতোমধ্যে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। নিবন্ধিত কৃষকদের মেশিন ও মাচা তৈরির জন্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ২৭ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগে দেশের প্রায় ৫০ হাজার কৃষকের ঘরে পৌঁছে গেছে এই প্রযুক্তি। এর সাফল্যে উৎসাহিত হয়ে সরকার নতুন করে আরও ১৫ হাজার মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে। পেঁয়াজের পাশাপাশি বর্তমানে রসুন, ভুট্টা এবং আদা সংরক্ষণেও এই প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে।

মানিকগঞ্জ জেলায় হরিরামপুরের কৃষক আলম কাজি বলেন, ‘গত ছয় মাস ধরে এয়ার-ফ্লো মেশিনের সাহায্যে ১২০ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছি। আগের পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে যেত, এখন ২ থেকে ৩ কেজি ওজন কমে।’

সংরক্ষণের পাশাপাশি দেশে উচ্চফলনশীল জাত (যেমন- তাহেরপুরী, ফরিদপুরী এবং বারি পেঁয়াজ-১, ৪, ৫, ৬) ও গ্রীষ্মকালীন (খরিপ) পেঁয়াজের আবাদ বাড়ানো হয়েছে। দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটিতে আধুনিক সার ব্যবস্থাপনা ও রোপণের ৯০-১১০ দিনের মধ্যে ফসল তুলে সঠিকভাবে কিউরিং (ছায়ায় শুকানো) করার ফলে হেক্টরপ্রতি ফলন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক মোহাম্মদ আমিন বলেন, এপ্রিল মাসে পেঁয়াজ তোলার পরপরই প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু সেপ্টেম্বর-ডিসেম্বরে সেই পেঁয়াজ প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত উঠে। এই আধুনিক পদ্ধতির (এয়ার-ফ্লো মেশিন) কারণে কম খরচে বাড়তি দুই তিন মাস পেঁয়াজ সরক্ষণ করা সম্ভব হয়। এই পেঁয়াজ নষ্টও হচ্ছে না।’

মানিকগঞ্জ জেলায় হরিরামপুরের কৃষক আলম কাজি বলেন, ‘গত ছয় মাস ধরে এয়ার-ফ্লো মেশিনের সাহায্যে ১২০ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছি। আগের পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে যেত, এখন ২ থেকে ৩ কেজি ওজন কমে।’

কীভাবে কাজ করে এই প্রযুক্তি

১০ ফুট লম্বা এবং ১০ ফুট চওড়া ঘরের মেঝে থেকে প্রায় ৫ ইঞ্চি উপরে বাঁশের মাচা তৈরি করে এর নিচে একটি উচ্চগতির ব্লোয়ার ফ্যান (এয়ার-ফ্লো মেশিন) বসানো হয়। এই মেশিনের মাধ্যমে নিচ থেকে পেঁয়াজের স্তূপের ভেতর দিয়ে নিয়ন্ত্রিত বাতাস প্রবাহিত করা হয়। এতে পেঁয়াজের অতিরিক্ত আর্দ্রতা দূর হয়, পচন ও অঙ্কুরোদগম রোধ হয় এবং সনাতন পদ্ধতির চেয়ে অনেক কম খরচে ৬ থেকে ৮ মাস পর্যন্ত পেঁয়াজ একদম টাটকা থাকে। ১৮ হাজার ৫০০ থেকে ২২ হাজার টাকা মূল্যের একটি মেশিনে একসঙ্গে প্রায় ১০ টন (২৫০ মণ) পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এর জন্য মাসে বিদ্যুৎ বিল আসে মাত্র ২৫০ থেকে ৫০০ টাকা।

আগামী দিনের চ্যালেঞ্জ ও করণীয়

স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও এই সাফল্য টেকসই করতে আগামী দিনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টরা। তারা বলেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের গড়ে প্রায় ৪০ টাকা খরচ হচ্ছে। কিন্তু বাম্পার ফলনের কারণে ভরা মৌসুমে পাইকারি বাজারে কেজিপ্রতি দাম ৩০ থেকে ৫৫ টাকার মধ্যে ওঠানামা করে। কৃষক ন্যায্যমূল্য না পেলে আগামী মৌসুমে আবাদ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া ফলনের পাশাপাপাশি বীজের স্বয়ংসম্পূর্ণতা আনতে হবে। দেশে বছরে প্রায় ৩০০ টন পেঁয়াজ বীজের চাহিদার বিপরীতে স্থানীয় উৎপাদন প্রায় ১৫০ টন। ভালো মানের বীজের আমদানিনির্ভরতা কমাতে হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষিবিদ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া সিটিজেন জার্নালকে বলেন, ‘পেঁয়াজ উৎপাদনে বরাবরই আমদের কৃষকরা সফল। কিন্তু সেই পেঁয়াজ সংরক্ষণ করাটাই বেশি চ্যালেঞ্জের ছিল। এখন দেশীয়ভাবে তৈরি এয়ার-ফ্লো মেশিন সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বড় সহায়ক হয়েছে। স্বল্প খরচ ও সহজ ব্যবহারের কারণে কৃষকরা নিজেই এটির মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করছে। এবং তিন-চার মাস বাড়তি সংরক্ষণ করতে পারায়, অফ সিজনেও পেঁয়াজের ঘাটতি তৈরি হচ্ছে না। এই সুবিধা প্রান্তিক সব কৃষকের কাছে পৌঁছে দিতে হবে।’

সরকারকে পেঁয়াজ রপ্তানির দিকে মনযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘চাহিদার অতিরিক্ত প্রায় ১৫ লাখ টন উদ্বৃত্ত পেঁয়াজ কাজে লাগাতে এখন সবচেয়ে বড় প্রয়োজন কৃষি-প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং বিদেশে রপ্তানি। এতে কৃষকরা আরও লাভবান হবেন এবং সফলতা ধরে রাখা সম্ভব হবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম সিটিজেন জার্নালকে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল কৃষি ফসলে আমদানি-নির্ভরতা কমানোর। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সঠিক উদ্যোগ ও ব্যবস্থাপনার মাধ্যমে পেঁয়াজে সফলতা এসেছে। এই সাফল্য ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আরও কিছু কৃষি ফসলের প্রকল্প নিয়েও সরকার কাজ করছে।’

/এফসি/