এইচএসসিতে বদলে গেলো ৩৩ হাজার শিক্ষার্থীর ফল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এইচএসসিতে বদলে গেলো ৩৩ হাজার শিক্ষার্থীর ফল
শিক্ষার্থী

চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মেলেনি অনেক শিক্ষার্থীর। পরীক্ষার ফল পরিবর্তনের আশায় খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন লাখো শিক্ষার্থী। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ১১টি শিক্ষা বোর্ডে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ১১ দশমিক ৪৫ শতাংশ।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন করা হয়েছে। যা আবেদনকারীদের ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। যা আবেদনকারীদের ৭ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জন, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জন, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জন, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জন এবং বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে, সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৫৩ জন, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জনের মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়, বরিশাল বোর্ডে ২২ দশমিক ৫৫ শতাংশ আবেদনকারীর ফল পরিবর্তন হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে এ হার ২২ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে। এ বোর্ডে আবেদনকারীদের মাত্র ২ দশমিক ৪৮ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।

/জেএইচ/